নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবিষ্কৃত নতুন গ্যাসক্ষেত্র দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
রোববার সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম জানান, কূপটি থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। আগামী ২০ বছর গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এখানে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাসের মজুত থাকতে পারে।
তিনি বলেন, স্থানীয়দের চাহিদা অনুযায়ী উত্তোলিত গ্যাসের সরবরাহে অগ্রাধিকার এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকারকে অনুরোধ জানানো হবে।
