ভারতে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাকে খুন করা হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।
কলকাতাভিত্তিক সংবাদপত্র সংবাদ প্রতিদিন বলছে, ভারতে চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর নিউটাউন থেকে উদ্ধার হল বাংলাদেশের শাসকদল আওয়ামি লীগের ৩ বারের সাংসদের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলে। কে বা কারা তাঁকে খুন করল তার তদন্তে নেমেছে পুলিশ।
গণমাধ্যমটি বলছে, কলকাতায় এসে তিনি উঠেছিলেন দীর্ঘদিনের পরিচিত বরানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। ২ দিন সেখানে থাকার পর ১৪ তারিখ তিনি গোপালকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, আজই ফিরে আসবেন। তবে তার পরদিনও সাংসদ না ফেরায় উদ্বিগ্ন গোপাল থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের তরফেও তাঁকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন সুইচ অফ পাওয়া যায়। এর পরই সাংসদের খোঁজে তৎপর হয়ে ওঠে ভারত ও বাংলাদেশ। এরই মাঝে তাঁর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
