আগামী তিন মাসে দেশে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুটি থেকে তিনটি তীব্র আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ২ থেকে ৪টি লঘুচাপ, যার এক বা দুটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে শীতের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে জানুয়ারিতে এক বা দুটি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
আবহাওয়াবিদদের মতে, ডিসেম্বর থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে এল নিনোর প্রভাবে সামগ্রিকভাবে এ বছর শীতের তীব্রতা কিছুটা কম থাকতে পারে। ডিসেম্বর ও জানুয়ারিতে বৃষ্টিপাতও কমে আসার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
