ঢাকার পাঁচটি বড় হাসপাতালে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) পরীক্ষামূলকভাবে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পিপিপির আওতায় চিকিৎসাসেবা চালুর বিষয়ে প্রাথমিকভাবে পাঁচটি হাসপাতাল নির্বাচন করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে আরেক দফা বৈঠকের পর কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। পরে দেশের বড় শহরগুলোর হাসপাতালেও এ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, সম্প্রতি দেশে ৫০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
