ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সাত বছর পর মামলা : গাইবান্ধা ভোটকেন্দ্রে গুলি

সাত বছর পর মামলা : গাইবান্ধা ভোটকেন্দ্রে গুলি

গাইবান্ধার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিনসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি হিসেবে ৩০-৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।

 

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলির ঘটনা ঘটে।

 

ঘটনার সাত বছর পর গত ৩ এপ্রিল রাতে মামলাটি দায়ের করেন শান্তিরাম ইউনিয়নের উত্তর পরান গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. আইয়ুব আলী।

 

মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যরা একত্রিত হন। এ আসনের ১৪ দলীয় মহাজোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে তারা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেন।

 

এরপর ভোটারদের ভয় দেখিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেন। এ সময় জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শাহিনের নির্দেশে অবৈধ অস্ত্র ব্যবহার করে মামলার বাদী আইয়ুব আলীর ছেলে শাহিন মিয়াকে (৩২) গুলি করা হয়। গুলি শাহিন মিয়ার বাম উরু ভেদ করে ডান উরু দিয়ে বের হয়ে যায়। এতে শাহিন মিয়া গুরুতর আহত হন এবং রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত প্রথমে সুন্দরগঞ্জ হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।