ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে দেশটির অবশিষ্ট অংশও ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপের চূড়ান্ত পরিণতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে আরও এগোতে হবে কি না, সে সিদ্ধান্ত নিতে হবে। তবে সম্ভব হলে দেশটির অবশিষ্ট অংশ ধ্বংস করতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে। সংঘাতের পরও দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়নি। ট্রাম্পের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানকে পুনর্গঠন করতে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তাঁর দেশের অনুমোদন ছাড়া ইরান কিছু করতে পারবে না।
