মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করেছে ইরান। দেশগুলো হলো ভারত, চীন, ইরাক ও কাতার।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোগাদ্দাম এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব দেশের জাহাজ এখন প্রণালিটি দিয়ে চলাচল করতে পারছে।
মোগাদ্দাম বলেন, ভারতের জাহাজ চলাচলের সুযোগ দেওয়ায় দেশটি থেকে ওষুধ আমদানি সহজ হবে। অন্যদিকে, চীনের জাহাজকে ছাড় দেওয়ার পেছনে বেইজিংয়ের রাজনৈতিক সমর্থন পাওয়ার বিষয়টি রয়েছে।
তবে এই ছাড়ের অর্থ বিনা খরচে প্রণালি পারাপার নয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় জাহাজকে চলাচলের জন্য শুল্ক দিতে হতে পারে।
ইরানের তেলের অন্যতম বড় ক্রেতা চীন। অন্যদিকে, কাতার এলএনজি রপ্তানিতে গুরুত্বপূর্ণ এবং ইরাক আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে তেহরানের গুরুত্বপূর্ণ অংশীদার।
