ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

এবার ইরানকে ‘ব্যক্তিগত বার্তা’ পাঠাল যুক্তরাষ্ট্র

এবার ইরানকে ‘ব্যক্তিগত বার্তা’ পাঠাল যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আর এরপরই ইরানকে ‘ব্যক্তিগত বার্তা’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এই তথ্য সামনে এনেছেন। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের হুথিদের ওপর দ্বিতীয় দফায় হামলা চালানোর পরে এই গোষ্ঠীটি সম্পর্কে ইরানকে একটি ‘ব্যক্তিগত বার্তা’ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই বিষয়ে বিশদ আরও কোনও বিবরণ তিনি দেননি।

বাইডেন বলেছেন, ‘আমরা এটি (ইরানকে) ব্যক্তিগতভাবে পাঠিয়েছি এবং আমরা নিশ্চিত, আমরা ভালোভাবে প্রস্তুত।’

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এর মাঝেই হুথিদের সাথে পশ্চিমা দুই পরাশক্তির হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত স্থাপনায় আমেরিকান এবং ব্রিটিশ বিমান থেকে কয়েক ডজন হামলার একদিন পরই শনিবার ভোরের দিকে ইয়েমেনে আবারও নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, তারা ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত রাডার স্থাপনায় আঘাত করেছে।