ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গ্যাস সংকট কাটাতে ৫২টি নতুন কূপ খনন করবে সরকার

গ্যাস সংকট কাটাতে ৫২টি নতুন কূপ খনন করবে সরকার

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার ঢাকায় ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ২০ বছরে নতুন কূপ খনন না করায় গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষি প্রযুক্তির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক সেচব্যবস্থা, সারের সঠিক ব্যবহার ও জৈব সার প্রয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচে পানি সাশ্রয়ের উদ্যোগও রয়েছে।

উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু থেকে মাড় তৈরির কারখানা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক কার্গো সুবিধাসম্পন্ন বিমানবন্দরে উন্নীত করে কৃষিপণ্য রপ্তানির পরিকল্পনার কথা জানান তিনি।

৭ নভেম্বর পর্যন্ত চলা মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান ৫৩টি প্রদর্শনীকেন্দ্রে কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরছে।