চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে ফাটলের ঘটনা ঘটেছে। এতে ধীরগতিতে ট্রেন চলাচল করছে বলে জানা গেছে। চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথলীর তেতুলতলা-ঘোড়ামারা রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার বলেন, অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলমান। স্থানীয় বিষয়টি দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে এই লাইন থেকে এখন ১০ কিলোমিটার বেগে (ধীরগতি) ট্রেন চলাচল করছে। নাশকতার ঘটনা হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নাশকতার কোনো ঘটনা না।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান। বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দুটি লোকাল ট্রেন ঘটনাস্থলের আগে থামিয়ে দেন। পরে ট্রেনগুলো ধীরে ধীরে ঘটনাস্থল অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
