মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কাছে থাকা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসার আশঙ্কাই এ সিদ্ধান্তের একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে। শুক্রবার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর ইরান-নীতি নিয়ে তাঁর অবস্থানে পরিবর্তন আসে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুদ্ধ আরও বাড়লে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এতে উপসাগরীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও চাপ তৈরি হবে। পাশাপাশি জ্বালানি, শরণার্থী এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন সংকটের আশঙ্কা রয়েছে। কর্মকর্তাদের দাবি, প্যাট্রিয়টসহ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমছে। তাই বড় হামলা চালালে প্রতিরক্ষা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে।
